প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে আবদুল কুদ্দুস (৩৮) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্নারা এলাকার একটি আমড়াগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত কুদ্দুস গাজীপুর নগরের কালের ভিটা এলাকার নয়ন আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার শিউলি বেগমের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় কুদ্দুস বাড়ি থেকে বের হন। গতকাল সকালে তাঁদের ভাড়া বাসার পেছনের একটি গাছে তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|