শরীয়তপুর সদর উপজেলার পূর্বচরসোন্দি গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ রেশমা বেগম (২২) ওই গ্রামের ফরিদ সরদারের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ পাওয়া গেছে। থানায় মালার প্রস্তুতি চলছে। ঘটনার পর অভিযুক্ত ফরিদ সরদার ও তাঁর পরিবারের সদস্যরা গ্রাম থেকে পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পালং মডেল থানা ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ২০১০ সালে শরীয়তপুর সদরের পূর্বচরসোন্দি গ্রামের আবদুর রব সরদারের ছেলে ফরিদ সরদারের সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমণি গ্রামের জুলহাস ঘরামির মেয়ে রেশমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর রেশমার পরিবার ফরিদকে দুই লাখ টাকা দেয়। আরও দুই লাখ টাকার জন্য ফরিদ ও তাঁর পরিবারের সদস্যরা রেশমার পরিবারকে চাপ দিতে থাকেন। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রেশমাকে নির্যাতন করা হয়। এ নিয়ে ২০১৫ সালে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সালিস হয়। তখন ফরিদ ও তাঁর পরিবার এমন কাজ আর কখনো করবে না বলে প্রতিশ্রুতি দেয়।
রেশমার ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিন মাস আগে তাঁর একটি মেয়ে হয়। তারপর থেকে আবার দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য রেশমাকে মারধর করতে থাকেন ফরিদ ও তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে গ্রামবাসী ফরিদের বসতঘরের পেছনে একটি গাছের সঙ্গে রেশমার লাশ ঝুলতে দেখেন। তাঁরা ফরিদ ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে গেলে তাঁদের ঘর তালাবদ্ধ দেখতে পান। তখন থানায় খবর দেওয়া হয়। পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে রেশমার পরিবারের সদস্যরা ওই গ্রামে ছুটে আসেন।
রেশমার বাবা জুলহাস ঘরামি বলেন, ‘ফরিদ ঢাকায় একটি গাড়ি মেরামত কারখানায় কাজ করত। মেয়ের সুখের কথা বিবেচনা করে তাকে দুই লাখ টাকা দিয়েছিলাম। সে আরও দুই লাখ টাকা দেওয়ার জন্য আমাদের চাপ দিচ্ছিল। আমি গরিব মানুষ। কোথায় টাকা পাব? তাই দিতে পারিনি। টাকা না দেওয়ায় সে আমার মেয়েকে মারধর করত। মেয়েকে নির্যাতনের বিষয়টি গ্রামের মুরব্বিদের জানালে তারা সালিস করেছিল। ফরিদ ও তার পরিবারের সদস্যরা এভাবে আমার মেয়েকে টাকার জন্য মেরে ফেলবে, তা ভবতেও পারিনি।’
রেশমার ভাই সেলিম ঘরামি বলেন, ‘রেশমার লাশ গাছে ঝুলিয়ে রেখে ফরিদ ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। আমার বোনের ছয় বছর বয়সী ছেলে ও তিন মাস বয়সী মেয়েকে নিয়ে তারা পালিয়েছেন।’