ঝোড়ো হাওয়ায় ডুবে গেছে ১৫ ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র উপকূলে গত রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝোড়ো হাওয়ায় ১৫টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ডের সহায়তায় এসব ট্রলার থেকে শতাধিক জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই জেলে নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত উপকূলের সোনাদিয়া, নাজিরারটেক ও মহেশখালী চ্যানেলে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ছোট-বড় ১৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৈরী পরিবেশের কারণে সাগর উত্তাল থাকায় গভীর সাগর থেকে জেলেরা ফিরে আসতে পারছেন না। গতকাল বিকেল পর্যন্ত আড়াই হাজার ট্রলার নিয়ে ৩০ হাজারের বেশি জেলে গভীর সাগরে অবস্থান করছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, রোববার সকাল নয়টার দিয়ে সাগর থেকে মাছ ধরে ফিরে আসার সময় সোনাদিয়া চ্যানেলে মহেশখালী পৌরসভার উত্তরঘোনা গ্রামের আবদুল গফুরের মালিকানাধীন ট্রলার ডুবে যায়। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সাগরে তল্লাশি চালিয়ে স্থানীয় জেলেরা ওই ট্রলারের আটজন জেলেকে উদ্ধার করলেও মোহাম্মদ রফিক নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়ায়।

নৌকার মালিক আবদুল গফুর জানান, নিখোঁজ রফিকের সন্ধানে সাগরে তল্লাশি চলছে।

একই দিন বেলা ১১টায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের আমান উল্লাহর মালিকানাধীন আরেকটি ট্রলার। আমান উল্লাহ জানান, ১২ জন জেলে নিয়ে ট্রলারটি গভীর সাগর থেকে উপকূলে ফিরে আসার পথে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। অপর একটি ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় তাঁর ট্রলারের ১১ জেলেকে উদ্ধার করলে অপর জেলে মোস্তাক আহমদ নিখোঁজ রয়েছেন। তিনি তাজিয়াকাটা গ্রামের বাসিন্দা।

কক্সবাজার শহরের নুনিয়াছটার ট্রলার মালিক শাহ আলম জানান, রোববার সকাল সাতটার দিকে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নাজিরারটেক চ্যানেলে তাঁর একটি ট্রলার ডুবে যায়। তিনিসহ আট জেলে সাঁতরে উপকূলে ফিরে আসেন।

কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁরা সোনাদিয়া ও নাজিরারটেক চ্যানেল থেকে ডুবে যাওয়া কয়েকটি ট্রলার থেকে শতাধিক জেলেকে উদ্ধার করেছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।