ঝড়ের কথা বলে গাছ নিধন, বন উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরামপুরের চরকাই রেঞ্জ থেকে কেটে নেওয়া গাছের গোড়া l প্রথম আলো
বিরামপুরের চরকাই রেঞ্জ থেকে কেটে নেওয়া গাছের গোড়া l প্রথম আলো

কিছুদিন আগে ঝড়ে দিনাজপুরের চরকাই রেঞ্জের নবাবগঞ্জ, হরিপুর এবং মধ্যপাড়া রেঞ্জের সদর ও কুশদহ বিটের সামাজিক বনায়নের কিছু গাছ ভেঙে যায়। কিছু গাছ উপড়ে পড়ে। এসব গাছ অপসারণের নাম করে এক মাস ধরে কয়েকটি চক্র দেদার গাছ চুরি করে নিয়ে যাচ্ছে।
বগুড়ার ধুনটে স্থানীয় একটি সমিতির বিরুদ্ধে ঝড়ে ভাঙা গাছের কথা বলে বন বিভাগের ১০টি গাছ গোড়া থেকে কেটে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে।
চরকাই ও মধ্যপাড়া রেঞ্জ সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ বিটের অধীনে ২৫০ হেক্টর, হরিপুর বিটের অধীনে ৮০০ হেক্টর, মধ্যপাড়া সদর বিটের অধীনে ৫০০ হেক্টর এবং কুশদহ বিটের অধীনে রয়েছে ৮১ হেক্টর সামাজিক বন। এসব বনের প্রতি হেক্টরে লাগানো হয়েছিল ১ হাজার ২০০ আকাশমণি ও ইউক্যালিপটাসগাছ।
গত মঙ্গলবার নবাবগঞ্জ বিটের মাড়াশ, বড় জালালপুর; হরিপুর বিটের পাদুমপুর, পত্নীচাঁন, বামনগড়, রগুনাথাপুর খোলশাগাড়ি; কুশদহ বিটের কুষ্টিয়াপাড়া, খিড়িপুকুর, গিলাইঝুঁকি; মধ্যপাড়ার সদর রেঞ্জের মাহতাবপাড়ায় ঘুরে দেখা গেছে, প্রতিটি বাগানে ঝড়ে পাঁচ-সাতটি করে গাছের ক্ষতি হয়েছে। অথচ করাত দিয়ে গাছ কেটে ফেলা হয়েছে কয়েক শ। এসব গাছের গোড়া এখনো পড়ে আছে। কিছু গাছের গোড়া মাটি খুঁড়েই তুলে নেওয়া হয়েছে।
নবাবাগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ বলেন, বন বিভাগের কর্মকর্তাদের ঔদাসীন্য ও গাছ চোরদের সঙ্গে সখ্যের কারণে দিনের পর দিন বন উজাড় হয়ে যাচ্ছে।
বন বিভাগ-সম্পর্কিত উপজেলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম বলেন, চরকাই রেঞ্জারের যোগসাজশে প্রকাশ্যে গাছ চুরি করে বন উজাড় করা হচ্ছে। চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. একরামুল হক এ অভিযোগ অস্বীকার করেন।
কুশদহ বিটের বিট কর্মকর্তা মো. আখতারুজ্জামান খান, হরিপুর বিট কর্মকর্তা রাহুল দেবনাথ, নবাবগঞ্জ বিট কর্মকর্তা মাহবুবুর রহমান গাছ চুরি হওয়ার কথা স্বীকার করেছেন। তবে বন উজাড় হওয়ার কথা অস্বীকার করেন। মধ্যপাড়া সদর বিট কর্মকর্তা তানভীর আহমেদ চৌধুরী তাঁর বিটে গাছ চুরি হয়নি বলে দাবি করেন।
ধুনট উপজেলা বন বিভাগ সূত্র জানায়, ২০০৩ সালে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় চৌকিবাড়ী ইউনিয়নের বাটিকাবাড়ী ও ফরিংহাটা গ্রামের ১ কিলোমিটার সড়কে ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা লাগানো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি অনুযায়ী ১৫ বছর পর এসব গাছ উপজেলা বিক্রয় কমিটির মাধ্যমে দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করার কথা। চুক্তি অনুযায়ী, এসব গাছ বিক্রির এখনো তিন বছর বাকি। গত মাসে ঝড়ে কয়েকটি গাছের মাথা ভেঙে যায়। এই সুযোগে ইউনিয়নের বাটিকাবাড়ী গ্রামের যুব উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ফরায়জুল হকসহ কয়েকজন সদস্য ওই গাছগুলো গোড়া থেকে কেটে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ ধরনের ঘটনায় ২০১২ সালেও এই সমিতি ৬৫টি গাছ বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল।
সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমি চাকরির সুবাদে ঢাকায় আছি। এই সুযোগে সমিতির সাধারণ সম্পাদক কয়েক সদস্যকে নিয়ে ঝড়ে ভাঙার দোহাই দিয়ে দুই দফায় গাছগুলো কেটে বিক্রি করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন।’
ফরায়জুল হক বলেন, ‘আমার সমিতির সদস্যরা বনায়ন প্রকল্পের সুবিধাভোগী সদস্য। তাই ঝড়ে ভেঙে পড়া কয়েকটি গাছ কেটে সমিতির উন্নয়নকাজে বিক্রি করা হয়েছে। তবে আমি ঘটনার সঙ্গে জড়িত নই।’
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, গাছ কাটার ঘটনা তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বন বিভাগের গাছ কাটা নিয়ে অভিযোগের শেষ নেই।