ঝড়ের পর বনায়নের গাছ কেটে সাবাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগর বনায়ন প্রকল্পের দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় লোকজন। গত শনিবার সন্ধ্যায় ঝড়ের পর থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পেরে পুলিশের সহযোগিতায় আশপাশের এলাকা থেকে কিছু গাছ উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্রে জানা যায়, বন সম্প্রসারণ বিভাগ রাজশাহীর অধীনে ‘নগর বনায়ন প্রকল্প’-এর অংশ হিসেবে ১৯৯৯-২০০০ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্বদিকে হরিজন পল্লিসংলগ্ন এলাকায় প্রায় ১০ হাজার গাছ লাগানো হয়। প্রায় ৫০ বিঘা এলাকাজুড়ে বর্তমানে গাছের সংখ্যা প্রায় ৯৭ হাজারে পৌঁছেছে। প্রকল্পটির সফলতায় এর আগে দুবার জাতীয় পরিবেশ পদক লাভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালবৈশাখীতে ক্যাম্পাস ও বন প্রকল্পের বেশ কিছু গাছের ডালপালা ভেঙে যায়। পুরো ক্যাম্পাসে প্রায় অর্ধশত গাছ উপড়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় শতাধিক মানুষ ক্যাম্পাসে ঢুকে রাতভর বন প্রকল্পের প্রায় ২০০ গাছ কেটে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত প্রহরীরা তাদের বাধা দিলেও তারা ক্ষান্ত হয়নি। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে তাড়িয়ে দেন।
বন প্রকল্পে দায়িত্বরত প্রহরী শফিকুল, রমজান, লালচাঁদ ও আক্কাশ জানান, স্থানীয় ব্যক্তিরা আকাশমণি ও মেহগনি গাছগুলো কাটতে শুরু করে।
এদিকে গতকাল দুপুরে নগরের চৌদ্দপাই এলাকা থেকে বেশ কিছু গাছের কাণ্ড উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০০ গাছ লুটপাট করে নিয়ে গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কিছু গাছ উদ্ধার করেছি।’