টঙ্গিবাড়ীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তালতলা-ডহুরী খাল থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার একটি ভূমিদস্যু চক্র চার-পাঁচটি খননযন্ত্র বসিয়ে নিয়মিত এ খাল থেকে বালু তুলছে। এতে হুমকির মুখে পড়েছে খালের দুই পাশের বিস্তীর্ণ কৃষিজমি ও বসতঘর।
স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে স্থানীয় ভূমি কার্যালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এলাকাবাসী জানান, খালের ইসলামপুর, হাট বালিগাঁও, তস্তিপুর, শিলিমপুর, সুবচনী, কুন্ডেরবাজার ও চাষি বালিগাঁও এলাকায় খননযন্ত্র বসিয়ে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বর্ষা মৌসুমে খালে পানি আসায় খননযন্ত্র তীরের কাছে এনে বালু তুলছে ওই ভূমিদস্যুরা।
ইসলামপুরের মো. শাহিন জানান, বালু তোলার ফলে তাঁর ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এলাকার লোকজন বালু উত্তোলনে বাধা দিলে তারা কোনো কর্ণপাত করে না। হাট বালিগাঁও এলাকার ফালান মিয়া বলেন, দীর্ঘদিন ধরেই ভূমিদস্যু চক্রটি এখানে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে আসছে। তারা এই বালু দিয়ে কৃষিজমি ভরাট করে। সেই জমি আবার প্লট করে বিক্রি করছে।
ভুক্তভোগী কয়েকজন বলেন, এলাকার প্রভাবশালী জসিম মিয়া, হারুন ভূঁইয়া, চঞ্চল শিকদার ও দেলোয়ার বেপারী এই চক্রের সঙ্গে জড়িত। চঞ্চল শিকদার জানান, উপজেলা ভূমি অফিসের অনুমতি নিয়েই তাঁরা বালু কাটছেন।
টঙ্গিবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহেলা রহমতুল্লাহ জানান, শিলিমপুরে গোলাম কবির লাবু শিকদার নামের একজন আদালত থেকে বালু কাটার অনুমতি নিয়েছেন। এর বাইরে কেউ এটা করে থাকলে অবৈধভাবে করছেন।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভিন জানান, ‘বালু কাটার এই বিষয়টা নিয়ে আমরা ত্যক্তবিরক্ত। ১৫-২০ দিন আগে অভিযান চালিয়ে একটি ড্রেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। আমরা অভিযানে গেলে বালুকাটা বন্ধ থাকে। ড্রেজার নিয়ে পালিয়ে যায়। আবার ফিরে এলে কাটা শুরু করে।’