টঙ্গিবাড়ীতে কুপিয়ে তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পুরাডিসি এলাকায় গতকাল সোমবার রাতে ফয়সাল নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন তরুণ।  এলাকাবাসী মিরাজ হোসেন নামের এক তরুণকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ফয়সালের (২২) বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ঢালীকান্দি এলাকায়। তাঁর বাবার নাম নজরুল ইসলাম। আহত তিন তরুণের মধ্যে মো. আকাশ (২২) ও শাহিনুরকে (২৫) প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া মাসুমকে (১৮) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সদর উপজেলার ফয়সাল ও টঙ্গিবাড়ী উপজেলার নয়াদিঘিরপাড় গ্রামের মিরাজের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে ফয়সাল পুরাডিসি এলাকার একটি মণ্ডপে পূজা দেখতে যান। পূজা দেখার পর মন্দিরের কয়েক শ গজ দূরে গেলে মিরাজ ও তাঁর পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের (ফয়সাল ও তাঁর বন্ধু) ওপর হামলা করেন। তাঁরা ফয়সালকে এলোপাতাড়ি কোপান। তাঁর সঙ্গে থাকা তিন বন্ধুকেও তাঁরা কুপিয়ে জখম করেন। মুমূর্ষু অবস্থায় ফয়সালকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে রাত সাড়ে নয়টায় তাঁর মৃত্যু হয়। 

টঙ্গিবাড়ী থানার ওসি মো. আলমগীর হোসাইন বলেন, এক মেয়ের সঙ্গে সম্পর্কের জের ধরে ফয়সাল ও মিরাজের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে মিরাজ লোকজন নিয়ে ফয়সালের ওপর হামলা করেন।