মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজদিখান-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে ছাত্রীকে উদ্ধারসহ অহরণকারী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, ওই ছাত্রীর বাবাসহ আরও অনেকে বক্তব্য দেন। ছাত্রীর বাবা বলেন, সাত দিন পার হলেও তাঁর মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলেও তাদের কাছ থেকে অপহরণের কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ। অপহরণকারী ব্যক্তিদের স্থানীয় প্রভাবশালী একটি মহল রক্ষা করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে এক এনজিও কর্মীর সম্পর্ক হয়। ২ জুন বাড়ি থেকে বের হয়ে ওই ছাত্রী আর ফেরেনি। গত শনিবার ছাত্রীর বাবা বাদী হয়ে ওই এনজিও কর্মীসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। রোববার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।