টঙ্গিবাড়ীতে দুজনকে কুপিয়ে জখম
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তোলকাই গ্রামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সড়ক নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে তোলকাই গ্রামে যাতায়াতের প্রধান সড়কের মাঝখানে কিছুদিন আগে একটি খুঁটি পুঁতে রাখেন গ্রামের জয়নাল শেখের দুই ছেলে হৃদয় (২৫) ও জীবন (২২)। প্রতিবেশী আলী আকবর ও তাঁর স্বজনেরা যাতে ওই সড়ক হয়ে গাড়ি নিয়ে বাড়িতে যেতে না পারেন, সে জন্যই এ ব্যবস্থা। তবে খুঁটিটি গতকাল আলী আকবর ও তাঁর লোকজন তুলে ফেলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন আলী আকবর (৪৪) ও তাঁর বড় ভাই আলী হোসেনকে (৪৬) কুপিয়ে গুরুতর জখম করে। দুজনকে গতকাল সন্ধ্যায় টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, এ ঘটনায় আলী আকবরের পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।