টঙ্গিবাড়ীতে পদ্মায় জলদস্যুদের হামলা, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার মধ্যবর্তী পদ্মা নদীতে গত শুক্রবার গভীর রাতে জলদস্যুদের হামলায় ৩০ জন জেলে আহত হয়েছেন। আহত জেলেদের কয়েকজন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী ও নড়িয়া উপজেলার মাঝামাঝি পদ্মা নদীতে শুক্রবার রাতে দুটি ট্রলারে করে ২০-২৫ জন সশস্ত্র মুখ বাঁধা জলদস্যু জেলেদের অন্তত ২০টি ট্রলারে হামলা চালায়। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে জলদস্যুরা পিটিয়ে প্রায় ৩০ জন জেলেকে আহত করে। এরপর তারা জেলেদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও ৩০টি মুঠোফোনসহ ট্রলারে থাকা মালামাল লুট করে পালিয়ে যায়।
জলদস্যুদের হামলায় আহত জেলেদের মধ্যে আলমগীর, রেজা, শাহ আলম, রিপন, সেরু ও দুলালের নাম পাওয়া গেছে।
টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি।