টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের সাতটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গত শনিবার প্রতিপক্ষের সাতটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, একটি মামলায় তাঁদের বাড়ির পুরুষেরা পলাতক রয়েছেন। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাটকান গ্রামের আব্বাস শেখ, বাচ্চু শিকদার,
রিপন শিকদার, মাসুম শিকদার ও মকবুল শিকদারের ওই সাতটি ঘরে শনিবার রাত দেড়টার দিকে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে মুন্সিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত ১৬ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাটকান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন মাদবরের বাঁ হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন এবং দুই পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় লিটনের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে বাচ্চু, রিপন, মাসুম, মকবুলসহ নয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে তারা (বাচ্চু, রিপন, মাসুম, মকবুল) ও তাদের লোকজন পলাতক রয়েছে। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন আগুন দিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নওশাদ শিকদার বলেন, ওই সাতটি ঘর আগুনে পুড়ে যাওয়ার তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, দুই পক্ষের মধ্যে মামলা নিয়ে বিরোধ চলছে। এক পক্ষের লোকজন পলাতক রয়েছে। এ কারণে বাড়িতে আগুন লাগায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মামলার বাদীপক্ষকে সন্দেহ করছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। এরপরও বিষয়টি তদন্ত করছে পুলিশ।