টঙ্গিবাড়ীতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী বাজারে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত দুজনকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মির্জানগর গ্রামের ব্যবসায়ী শফিউদ্দিন খানের সঙ্গে তাঁর ছোট ভাই নজরুল ইসলাম খানের সুবচনী বাজারের ১৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে শফিউদ্দিন খান (৭০), তাঁর ছেলে মামুন খান (৩৫) ও তাঁদের গাড়ির চালক মিলন (৩০) ঢাকা থেকে বাজারের ওই সম্পত্তিতে যান। এ সময় নজরুল ইসলাম খান ও তাঁর ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শফিউদ্দিন ও মামুন খানকে জখম করেন। এ সময় মিলনকেও পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।