টঙ্গিবাড়ীতে মন্দিরের জমিতে ভবন নির্মাণ?
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সিলিমপুর গ্রামে মন্দিরের জমি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সিলিমপুর মৌজার আরএস ২০৭ খতিয়ানের ১৬৩ নম্বর দাগের ৪৫ শতাংশ অর্পিত সম্পত্তির ওপর রাধাগোবিন্দ মন্দির অবস্থিত। ১০০ বছরের বেশি আগে এলাকার ধনাঢ্য ব্যক্তি ললিত মোহন পাল মন্দিরটি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর চাষিরী গ্রামের তামজিদ মিয়া মন্দিরের পাশের জমি দখল করে বসবাস করতে শুরু করেন। একপর্যায়ে তাঁর চোখ পড়ে মন্দিরের সম্পত্তির ওপর। কয়েক বছর আগে তিনি ওই মন্দিরের প্রধান ফটকটি ভেঙে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করেন। বর্তমানে মন্দিরের পশ্চিম পাশের ৫-৬ শতাংশ জমির মেহগনিগাছ বিক্রি করে সেখানে ভবন নির্মাণ করছেন তিনি।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, পুরোনো মন্দিরের ফটকের অর্ধেক অংশ ভেঙে টিন ও কাঠ দিয়ে সেখানে ঘর তুলছেন তামজিদ মিয়া। মন্দিরের পশ্চিম পাশে পূর্ণোদ্যমে চলছে পাকা ভবনের নির্মাণকাজ।
তামজিদ মিয়া বলেন, ‘গোটা সিলিমপুর গ্রামই একসময় হিন্দুদের সম্পত্তি ছিল। এখন যাঁরা থাকছেন, সবাই হিন্দুদের সম্পত্তিতেই থাকছেন। আমি একা না। যে সম্পত্তিতে আমি ভবন নির্মাণ করছি, সেটি মন্দিরের না। সেটি এখন অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। আমরা এখন এই সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করব।’ বন্দোবস্ত না নিয়ে সেখানে ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘এখানে তো আমরা অনেক দিন ধরেই থাকছি। আর এক মাসের বেশি সময় হবে ভবনটির নির্মাণকাজ চলছে। অনেকখানি হয়েও গেছে, এখন কী আর করার।’
আউটশাহী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শারপিন ঢালী বলেন, ‘অর্পিত সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ করার নিয়ম নেই। আর এ ভবন নির্মাণের বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’