টঙ্গিবাড়ীতে মা ও মেয়েকে কুপিয়ে জখম
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে বসতঘরে সিঁধ কেটে মুক্তা বেগম (৪৫) ও তাঁর মেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী শারমিন আক্তারকে (২০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা শাহাজাহান দেওয়ানের বসতঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। তারা তাঁর স্ত্রী মুক্তা বেগম ও মেয়ে শারমিনকে অতর্কিতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন জানান, প্রেমসংক্রান্ত ঘটনার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।