টঙ্গী ও আশুলিয়ায় দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় আবদুস সালাম নামের এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আশুলিয়া বাজারের কাছের একটি বিল থেকে লাশ উদ্ধার করা হয়। একই দিন গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় প্লাস্টিক কারখানার এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুস সালাম (৩২) জামালপুরের মেলান্দহের কাজাইকাটা গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার সাধুপাড়া এলাকায় থেকে কাঠমিস্ত্রির কাজ করতেন।
আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সালাম বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সকালে বাসার কাছে একটি বিলের মধ্যে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা তাঁর পরিবার ও আশুলিয়া থানাকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির বাবা আবদুস সামাদ বলেন, বছরখানেক আগে তাঁর ছেলে ভালোবেসে বিয়ে করেন। মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় এর মাস দুয়েক পরই তাঁর ছেলের বউ চলে যান। তবে এর জের ধরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, ছেলে হত্যার ঘটনায় তিনি গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, সালামকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গাজীপুরের টঙ্গীতে নিহত ব্যক্তি হলেন হাতিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী ইদ্রিস আলী (৪৮)। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে টঙ্গীর মরকুন এলাকায় হাতিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে যান ইদ্রিস আলী। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল সকালে কারখানার ভেতরে ইদ্রিসের লাশ দেখে পুলিশে খবর দেন কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, এটি হত্যাকাণ্ড। তবে হত্যার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে জানা যায়নি।