টঙ্গীতে অবৈধ স্থাপনা রেখেই সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাতাইশ সড়ক সংস্কার ও ড্রেন (নালা) নির্মাণকাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সড়কটির শুরুর দিকের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর সাতাইশ সড়ক সংস্কার ও নালা নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের আগে সড়কের দুই পাশের অধিকাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রয়ে যায় সড়কের শুরুর অংশের বেশ কিছু অবৈধ স্থাপনা। এসব স্থাপনা রেখেই এ অংশে প্রকল্পের মূল কাজ শেষ করা হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নগরাঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) আওতায় ১৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে টঙ্গীর সাতাইশ সড়ক সংস্কার ও নালা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। বর্ধিত সময়েও কাজ শেষ না হওয়ায় বর্তমানে আরও তিন মাস সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে। এ অবস্থায় কাজের ধীরগতির কারণে দ্বিতীয় দফা সময় বাড়ানোর পরও প্রকল্পটির পুরোপুরি বাস্তবায়নে অনিশ্চয়তা রয়েছে। প্রকল্পটির দৈর্ঘ্য ২ হাজার ৭৮০ মিটার; ফুটপাত, নালাসহ প্রস্থ ৪০ ফুট। সড়কের মাঝে আরসিসি ঢালাইয়ের অংশ ১২ ফুট ২ ইঞ্চি। বাকি দুই পাশে মোট ১২ ফুট ১০ ইঞ্চি অংশে ইট বিছিয়ে তার ওপর ইউনিব্লক করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে প্রকল্পটির শুরু। শুরুর এ অংশে ফুটপাত বন্ধ করে গড়ে ওঠা পোশাক কারখানাসহ বিভিন্ন পাকা দোকানপাট রয়েছে। সড়কের ওপর এগুলোর কোনো কোনোটির মূল ভিত ও বর্ধিতাংশ উচ্ছেদ না করেই প্রকল্পটির মূল কাজ আরসিসি ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের বাকি অংশের ইট বিছানো ও ইউনিব্লকের কাজ চলছে। বিদ্যমান এসব স্থাপনার কারণে সড়কটির শুরুর অংশ সরু হয়ে গেছে। এতে রাস্তার এ অংশে দুটি মাঝারি আকারের গাড়ি একসঙ্গে ঠিকমতো চলতে পারে না। এ অবস্থায় মহাসড়কের পাশে সড়কটির এ অংশে যানজটের সৃষ্টি হচ্ছে।

গাজীপুরা এলাকার ব্যবসায়ী মনির হোসেন বলেন, সড়কটির গাজীপুরা অংশের অবৈধ স্থাপনার মালিকেরা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীদের মোটা অঙ্কের উৎকোচ দিয়েছেন অথবা ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকল্প প্রভাবিত করেছেন। এ কারণে এ অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি। গাজীপুরা রাস্তার শুরুর অংশটি পড়েছে ৫০ নম্বর ওয়ার্ডের মধ্যে। ওই ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক দাবি করেন, ওই এলাকায় কোনো অনিয়ম হয়নি।

সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ বি এম সিদ্দিকুর রহমান খান বলেন, ‘গাজীপুরা অংশে আরসিসি ড্রেন থাকায় আমরা ড্রেনের বাইরে যেতে পারিনি।’