টঙ্গীতে কারখানা মালিককে গলা কেটে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের বেলায় বাসায় ঢুকে এক পোশাক কারখানার মালিককে গলা কেটে হত্যা করার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই কারখানা মালিকের নাম ফাইজুল ইসলাম (৪০)। তিনি টঙ্গীর আউচপাড়া আহসান রোড এলাকার তালুকদার ফজলুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন।
আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের সময় ফাইজুল ইসলাম বাসায় একাই ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তিনি মারা গেছেন মনে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা পাশের বাসায় বেড়াতে গিয়েছিলেন। পরে তাঁরা বাসায় এসে দেখেন, ফাইজুলের গলা থেকে রক্ত ঝরছে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফাইজুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরার রিসেন্ট হাসপাতালে ভর্তি করান।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন বলেন, কারা বা কেন তাঁকে হত্যার চেষ্টা করেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।