টঙ্গীতে কারখানার নিরাপত্তাকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী শিল্প এলাকার মরকুনে একটি প্লাস্টিক কারখানার নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। তাঁর নাম ইদ্রিস (৫০)। বাড়ি নওগাঁ জেলায়। আজ মঙ্গলবার সকালে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, মরকুন এলাকায় হাতিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় ইদ্রিস আলী নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গতকাল সোমবার রাতের শিফটে দায়িত্বে ছিলেন তিনি। আজ সকালে কারখানার লোকজন কারখানার পেছনে একটি সিঁড়িতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর রক্তাক্ত লাশ দেখতে পায়। লাশ বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।