টঙ্গীতে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় মো. ইমন (১৪) নামের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এলাকার মো. শাহ আলমের ছেলে। ইমন চার দিন ধরে নিখোঁজ ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে পরিবারের তরফ থেকে টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল বিকেল পাঁচটায় টঙ্গীর মুদাফা মাদ্রাসা মার্কেট-সংলগ্ন একটি ঝোপ থেকে উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের সন্দেহ হয়। তারা রাস্তার পাশের ওই ঝোপে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর লাশ দেখতে দেখতে পান। পরে শাহ আলম ইমনের লাশ শনাক্ত করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শাহ আলম একজন দিনমজুর। তাঁর দুই ছেলের মধ্যে ইমন বড়। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।