টঙ্গীতে গুলি করে বিকাশ কর্মীকে হত্যা, ১০ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে শেখ আবদুল হামিদ (৫০) নামের এক বিকাশ কর্মী নিহত হয়েছেন। টঙ্গীর গাজীপুরা এলাকায় গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।
নিহত হামিদ বাঘেরহাট জেলার রামপাল থানার বড়কাতলা এলাকার মৃত নোমান উদ্দিনের ছেলে। তিনি বিকাশের টঙ্গী শাখার কর্মী।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ বলেছে, টঙ্গীর সাতাইশ এলাকার বিভিন্ন দোকান থেকে গতকাল বিকেলে টাকা তুলে হামিদ মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। গাজীপুরা এলাকায় তাঁর পথরোধ করে দুর্বৃত্তরা। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তারা হামিদের বুকে ও মাথায় গুলি করে। খবর পেয়ে টঙ্গী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামিদকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া ইসলাম বলেন, ‘হামিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকে তিনটি ও মাথায় একটি ক্ষত রয়েছে।’
টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান বলেন, ছিনতাইকারীর গুলিতে নিহত বিকাশ কর্মীর ব্যাগে কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিকাশের কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দাবি করেছে, ১০ লাখ টাকা লুট হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম বলেন, হামিদের সঙ্গে একই মোটরসাইকেলে দুজন সশস্ত্র নিরাপত্তাকর্মীও ছিলেন। ছিনতাইকারীদের কোনো বাধা না দিয়ে তাঁরা কেন পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হবে।