টঙ্গীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় ঝর্ণা বেগম (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর গৃহবধূর স্বামী নজরুল ইসলাম পলাতক।

গৃহবধূর বাবার বাড়ির লোকজন ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের মধ্য আরিচপুর এলাকার নজরুল ইসলাম খানের সঙ্গে চার বছর আগে ঝর্ণা বেগমের বিয়ে হয়। এ দম্পতির তিন বছরের একটি সন্তান রয়েছে। ঝর্ণার বাবা ইউছুফ আলী সপরিবার ওই এলাকায় থাকেন। তাঁদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। নজরুল ইসলাম বেকার ছিলেন এবং মাদক নিতেন। প্রায়ই তিনি ঝর্ণাকে মারধর করতেন। গত বৃহস্পতিবার রাতেও ঝর্ণাকে মারধর করেন নজরুল। গতকাল সকালে তিনি ঝর্ণার মা তাসলিমা বেগমকে মুঠোফোনে জানান, তাঁর মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। দ্রুত তাসলিমা বেগমসহ পরিবারের সদস্যরা ওই বাড়িতে গিয়ে দেখেন, ঝর্ণার লাশ ঘরের বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক।