টঙ্গীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় গাজীপুরের টঙ্গীতে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীর এরশাদনগর এলাকায় নিজ বাড়ির সামনে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ছাড়া গত বুধবার রাতে ঢাকার সাভারের তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
টঙ্গীর এরশাদনগরে নিহত দেলোয়ার হোসেন (৩২) মালয়েশিয়ায় থাকেন ১০ বছর ধরে। ঈদুল ফিতরের দুই দিন আগে তিনি দেশে আসেন। দেলোয়ারের ছোট বোন মুক্তা বেগম বলেন, দেশে আসার পর থেকে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি হোসেন ও শুটার বাবু তাঁর ভাইয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে তাঁকে খুন করার হুমকি দিয়ে আসছিলেন তাঁরা। গতকাল সকাল নয়টার দিকে এরশাদনগর ৪ নম্বর ব্লকে দেলোয়ারদের বাড়ির সামনে যান সাত থেকে আটজন যুবক। নেতৃত্বে ছিলেন পিচ্চি হোসেন ও শুটার বাবু। তাঁদের ডাকাডাকিতে মুক্তা বেগম বেরিয়ে আসেন। তখন তাঁরা মুক্তাকে মারধর করেন।
এ সময় দেলোয়ার বাড়ি থেকে বেরিয়ে এসে বোনকে মারধরের প্রতিবাদ করলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। টঙ্গী থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
ঢাকার সাভারে আল-আরাফাত (২২) নামের এক যুবকে শ্বাসরোধে হত্যার পর হাত-পা বেঁধে লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রকি গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, সাভারের বিরুলিয়ায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আল-আরাফাত একজন ইউপি সদস্যের পক্ষে ছিলেন। প্রতিপক্ষের হয়ে কাজ করেন রকি। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রকিকে মারধর করেন আরাফাত। ওই ঘটনার জের ধরেই রকি পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছেন বলে আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় রকি মুঠোফোনে কল করে আল-আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যার পর হাত-পা বেঁধে লাশ তুরাগ নদে ফেলে দেন। আলতাফ ও খোকন নামের দুই বন্ধু রকিকে হত্যাকাণ্ডে সহায়তা করেন।