টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত
রাজধানীর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। উদ্ধারকারীরা বলছেন, ঘটনার সময় ওই চালক ট্রাকেই বিশ্রাম নিচ্ছিলেন।
নিহত ব্যক্তির নাম মো. কামরুল (২৭)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার কিতৃনগর গ্রামে।
কামরুলের লাশ উদ্ধারকারী সহকর্মী মো. রফিক বলেন, তাঁরা ময়মনসিংহ থেকে ডাব নিয়ে ঢাকায় আসছিলেন। পথে টঙ্গী মেইল গেট এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দরজা দিয়ে ট্রাকের ভেতর প্রবেশ করা চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তাঁদের এলোপাতাড়ি কোপানো হয়।
রফিক বলেন, তিনি পাশের দরজা দিয়ে নেমে যেতে পারলেও কামরুল নামতে পারেননি। ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে কামরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য কামরুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মা ও মামা হাসপাতালে এসেছেন।