টঙ্গীতে ছুরিকাঘাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাত করে মো. রনি নামের এক তরুণকে তাঁর দুই সহযোগী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী ফায়ার সার্ভিসের পেছনে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহত রনির দুই সহযোগীকে আটক করেছে।

রনির (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ষোলঘর এলাকায়। আটক দুই তরুণ হলেন আনোয়ার খন্দকার (২২) ও মো. রাজু (২৫)। আনোয়ারের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাঁঠালি এলাকায়। রাজুর বাড়ি রাজশাহীর চারঘাট থানার ডাকরা এলাকায়। পুলিশ বলছে, তাঁরা তিনজনই ছিনতাইকারী। তাঁরা তিনজনই টঙ্গীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর মাছিমপুর এলাকায় গত সোমবার রাত আটটার দিকে আনোয়ারের বাড়িতে তাঁরা তিনজনই ঘুমিয়ে ছিলেন। সকালে রনি ঘুম থেকে উঠে আনোয়ারের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে চলে আসেন। রাতে রনি ফায়ার সার্ভিসের পেছনের গলি দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আনোয়ার ও রাজু তাঁর গতিরোধ করেন। তাঁরা টাকা ফেরত চান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রনির পেটে ছুরিকাঘাত করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রনিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী ধাওয়া দিয়ে আনোয়ার ও রাজুকে ছুরিসহ আটক করে পিটুনি দেন। পরে তাঁরা তাঁদের পুলিশে সোপর্দ করেন।

রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, আনোয়ার ও রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনিকে খুন করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।