টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় সহযোগীসহ আওয়ামী লীগ নেতা খুন হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১-এর সদস্যরা। গত সোমবার রাতে সাভারের পলাশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাঁদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি সামুরাই ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টঙ্গীর এরশাদনগর ৪ নম্বর ব্লকের কামরুল ইসলাম ওরফে কামু (৪৫), টঙ্গীর দত্তপাড়া এলাকার মোবারক হোসেন (৩২), এরশাদনগর ৬ নম্বর ব্লকের মো. সাগর আলী (২০), দত্তপাড়া এলাকার মো. নাজমুল হোসেন (১৮) ও এরশাদনগর ৪ নম্বর ব্লকের মোহাম্মদ আলী (২৫)।
র‌্যাব-১-এর ভাষ্যমতে, গত সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র্যাব-১-এর একটি দল সাভার থানার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা টঙ্গী জোড়া খুনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকের টাকা ভাগাভাগি, এলাকায় আধিপত্য বিস্তার ইত্যাদি বিষয় নিয়ে নিহত শরীফ হোসেন প্রভাব খাঁটিয়ে কামরুল ইসলামকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। এই হয়রানি থেকে বাঁচতে এবং নিজের আধিপত্য বিস্তার করতে কামরুল ইসলাম তাঁর সহযোগী হিরা, নাজমুল, মোহাম্মদ আলী, রাসেল, সাগর এবং শামীমকে নিয়ে শরীফকে হত্যার পরিকল্পনা করেন।
গত ১৪ মে দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের গাজীপুর সিটি ৪৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শরীফ হোসেন (৩৫) ও তাঁর সহযোগী জুম্মান মিয়াকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়।