টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জোড়া খুনের ঘটনায় গত সোমবার রাতে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এরশাদনগর এলাকার কাজল মিয়া ও মর্জিনা আক্তার।
র্যাব-১ কার্যালয় সূত্র জানায়, র্যাবের একটি দল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এরশাদনগরে বিশেষ অভিযান চালিয়ে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে কাজল মিয়াকে গ্রেপ্তার করে। কাজলের বরাতে র্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টঙ্গী এলাকার কামরুজ্জামান কামু। তাঁর সহযোগী ইয়াছিন, ইকবাল, হীরা, মোবারক, নাজমুল, সাগর, কাজল এই হত্যাকাণ্ডে অংশ নেন। কামরুজ্জামান নিহত শরীফ হোসেনের কাছে মাদক বিক্রির দেড় লাখ টাকা পেতেন। শরীফ টাকা দিতে চাচ্ছিলেন না। এর প্রতিশোধ নিতে শরীফকে শনিবার রাতে খুন করেন কামরুজ্জামান ও তাঁর সহযোগীরা। খুনের ঘটনা দেখে দৌড়ে পালানোর সময় জুম্মন নামে শরীফের এক সহযোগীকে কুপিয়ে হত্যা করা হয়।