টঙ্গীতে ঝুট ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে গতকাল বুধবার সকালে আওলাদ হোসেন সিকদার (৪৫) নামের এক ঝুট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাইনবোর্ড এলাকার একটি কারখানা থেকে ঝুট আনতে যাওয়ার কথা বলে আওলাদ হোসেন গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হন। ওই দিন গভীর রাত পর্যন্ত তাঁর মুঠোফোন খোলা ছিল। গতকাল ভোরের দিকে সেটি বন্ধ পাওয়া যায়। সকালে আওলাদের সহযোগী স্বপন তাঁর লাশ বাড়িতে নিয়ে এসে বলেন, আওলাদ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পরিবারের সদস্যরা দাবি করেন, ঝুট ব্যবসা নিয়ে কোন্দলের জের ধরেই তাঁর প্রতিপক্ষের লোকজন আওলাদ হোসেনকে খুন করেছেন। পুলিশ স্বপনকে আটক করেছে।