টঙ্গীতে তরুণকে কুপিয়ে হত্যা দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতে দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত তরুণ টঙ্গীর আউচপাড়া মুক্তারবাড়ি সড়ক এলাকার সাজ্জাদ হোসেন (১৮)। এ ঘটনায় রাতেই সাজ্জাদের মা সামসুন্নাহার বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।
নিহত সাজ্জাদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীতে আউচপাড়া মুক্তারবাড়ি এলাকার সাজ্জাদ হোসেন মাদকাসক্ত ছিলেন। চিকিৎসার জন্য গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাঁর মামা রমজান আলী তাঁকে স্থানীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে স্থানীয় সাদ্দাম, জাকির, নাঈমসহ কয়েকজন তিন-চারটি ককটেল ফাটিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নেয়। পরে তাঁকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর মুক্তারবাড়ি সড়ক এলাকায় ফেলে পালিয়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গী ও পরে ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ সন্ধ্যা সাতটায় মারা যান।
তিন দিন আগেও সন্ত্রাসীরা সাজ্জাদের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে। এ ছাড়া প্রায় সপ্তাহ খানেক আগে টঙ্গীর দেওড়া এলাকায় সবুজের সঙ্গে সাজ্জাদ হোসেনের মাদক ব্যবসা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসাও হয়েছিল। এর জের ধরেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও সাজ্জাদের পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, পুলিশ রাত ১১টার দিকে মুক্তারবাড়ি সড়ক এলাকায় অভিযান চালিয়ে সবুজ (২২) ও নাঈম (২১) নামে দুজকে গ্রেপ্তার করেছে।