টঙ্গীতে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়া হাউজবিল্ডিং এলাকার বাইতুল রহমান জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩০) ও হাবিবুর রহমানের ছেলে আসিফুর রহমান (২৮)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গী দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকায় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা আক্তার হোসেন ও আসিফুর রহমানকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা মাসুদ মিয়া জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া মঙ্গলবার সন্ধ্যায় অনেকেই দোকানে বসে বিপিএল খেলা দেখছিলেন। খেলা চলাকালে কয়েকজন নারী এসে দুজন যুবককে কোপানোর খবর দেন। আশপাশের লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্তার হোসেন দেড় বছর আগে দুবাই থেকে দেশে ফিরে আসে। তাঁর চাচাতো ভাই আসিফুর রহমান আট মাস আগে ইতালি থেকে দেশে ফিরেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।