টঙ্গীতে দোকানের শিশু কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মোল্লাবাড়ি এলাকায় বুধবার রাতে টাইলসের দোকানের এক শিশু কর্মচারী খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
নিহত কর্মচারী শেরপুর সদরের তিরশা গ্রামের সোহরাব আলীর ছেলে তমাল হোসেন (১৪)। আটক দুজন হলো দোকানের মালিক মো. আহসান উল্লাহ (৩২) ও তমালের বন্ধু নাজমুল মিয়া (১৪)।
পুলিশ ও নিহত তমালের পরিবার সূত্র জানায়, মোল্লাবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে তমাল টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার আহসান উল্লাহর টাইলসের দোকানে কাজ করত। প্রতিদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাসায় ফিরত তমাল। বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসার উদ্দেশে রওনা হয় সে। রাত ১১টায়ও বাসায় না ফেরায় বড় ভাই তমালের মুঠোফোনে কল দেন। তবে সে মুঠোফোন ধরছিল না। রাত সোয়া ১১টার দিকে নাজমুল ও আহসান উল্লাহ খবর দেন, স্থানীয় সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার নির্মাণাধীন ভবনের এক কোনায় অচেতন অবস্থায় তমাল পড়ে আছে। পরে এলাকাবাসী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা তমালকে মাথায় আঘাত করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহসান উল্লাহ বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে দুজন যার যার মতো চলে যাই। রাত সোয়া ১১টার দিকে আমার বন্ধু আবু বক্কর ফোন করে জানান, দোকান কর্মচারী তমাল ওই ভবনের নিচে পড়ে আছে। খবরটি তার স্বজনদের জানিয়ে আমি ঘটনাস্থলে যাই। এ ছাড়া আমি আর কিছু জানি না।’
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. ছিদ্দিকুর রহমান বলেন, তমালের মাথায় আঘাতের চিহ্ন আছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।