টঙ্গীতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১০
প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে গাজীপুরের টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও অবরোধ করে। এ সময় বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শিক্ষার্থীদের হামলায় স্কুলের প্রধান শিক্ষক, দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীতে আশরাফ টেক্সটাইল উচ্চবিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা টঙ্গী বাজার এলাকায় মহাসড়কে নেমে আসে। একপর্যায়ে তারা মহাসড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে মৃদু লাঠিপেটা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে ও স্কুলভবনে ভাঙচুর চালায়। তাদের হামলায় প্রধান শিক্ষক আহত হন। খবর পেয়ে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করতে স্কুলে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় বিক্ষোভকারীদের ইটপাটকেলে টঙ্গী থানার ওসি, এসআই মালেক খসরু, আবদুল মালেকসহ বেশ কয়েকজন আহত হন।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, সম্প্রতি ওই স্কুলের দুই শিক্ষককে পরিচালনা পরিষদ সাময়িকভাবে বরখাস্ত করে। অপসারণ শিক্ষক হারুন অর রশিদ ও আবু বকর সিদ্দিকের উসকানিতে শিক্ষার্থীরা ওই বিক্ষোভ ও আন্দোলনে নামে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষকদের উসকানিতে শিক্ষার্থীদের একটি অংশ গতকাল হামলা চালিয়ে তাঁর অফিসকক্ষ ভাঙচুর করেছে।
জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে তাদের সড়ক ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।