টঙ্গীতে প্রকাশ্যে কুপিয়ে ব্যবসায়ীর হাত বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকায় গতকাল বুধবার প্রকাশ্যে কুপিয়ে এক মুদি ব্যবসায়ীর হাত কর্তন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও ১২ জন আহত হন। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত মুদি ব্যবসায়ী হলেন আবুল কাশেম (৪৬)। আহত অন্য ১২ জনের মধ্যে গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি হানিফুর রহমানও (৩৫) রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে টঙ্গীর এরশাদনগর এলাকার মনির হোসেন ওরফে ফাটা মনির ও তাঁর ছোট ভাই জাকির হোসেন খরতৈল এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। এতে এলাকার তরুণ, যুবক ও ছাত্ররা নেশায় আসক্ত হয়ে পড়ে। কয়েক দিন আগে গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি হানিফুর রহমান মাদক ব্যবসায় বাধা দেন। এলাকাবাসীকে সচেতন করে মাদক প্রতিরোধের চেষ্টা করেন তিনি। এর জেরে গতকাল সকাল সাতটার দিকে এলাকার হাজি মার্কেটের সামনে মনিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হানিফুরের বাঁ হাতে কোপ দেয়। এতে তাঁর হাত কেটে কনুইয়ে ঝুলে যায়। তাঁর ডাকচিৎকারে মার্কেটের ব্যবসায়ী আবুল কাশেম (৪৬) ও মুরশিদ আলম (২৬) এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও কোপায়। এতে কাশেমের বাঁ হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। মুরশিদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা যাকে সামনে পেয়েছে তাকেই আঘাত করেছে। এতে আরও ১০ জন আহত হন। পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চার-পাঁচটি মোটরসাইকেলে করে ২০-২২ জনের একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা নিয়ে হামলা চালায়।
গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান বলেন, এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় তাঁরা সন্ত্রাস ও মাদক নির্মূলে দুই মাস আগে একটি প্রতিরোধ কমিটি গঠন করেন। আবুল হোসেনকে সভাপতি ও আসিফ ইকবালকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি করা হয়। দুই বছর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী মিয়াকে সভাপতি করে আরেকটি মাদকবিরোধী কমিটি করা হয়। এর জের ধরে টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী মনির এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে ভীতি ছড়াতে সদলবলে গতকাল এলাকাবাসীর ওপর হামলা চালায়।
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।