টঙ্গীতে প্রিজন ভ্যানে হামলা: আরও একজন গ্রেপ্তার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তাঁর সহযোগীসহ ২১ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানে হামলাকারী গ্রেপ্তার জঙ্গি মোস্তফা কামালের আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া অ্যারাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিকে আজ বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গ্রেপ্তার ব্যক্তি হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ি এলাকার বাসিন্দা আবদুল আজিজ কাউসার (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া অ্যারাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে গাজীপুরের অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে রিমান্ডের আবেদন করলে বিচারক ফারহা মামুন তাঁর (কাউসারের) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন ওই আদলতে জঙ্গি মোস্তফা কামালের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাঁর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় মোস্তফাকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এ ছাড়া আজ একই ঘটনার মামলায় নরসিংদী থেকে গ্রেপ্তার মিনহাজের গাজীপুরের বিচারিক হাকিম আদালত তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ মঙ্গলবার তাঁর নয় দিন রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক নাজমুন নাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় তাঁকে পুলিশ ছয় দিনের রিমান্ডে নেয়। মিনহাজুল ইসলাম (২০) নরসিংদীর মনোহরদী থানার কাটিকাটা উত্তর এলাকার বাসিন্দা। মিনহাজ ও কাউসার নরসিংদীর একই মাদ্রাসার ছাত্র।
৬ মার্চ বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২১ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা হামলার দিন ঘটনাস্থল থেকে মোস্তাফা কামালকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা, চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল তাঁর সহযোগী মিনহাজের নাম-ঠিকানা দেন।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রিমান্ডে নেওয়ার পর তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁদের ফের রিমান্ড চাওয়া হয়েছে এবং এরপর জিজ্ঞাসাবাদ করে আরও নতুন তথ্য পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।