টঙ্গীতে বাসচালককে কুপিয়ে হত্যা
বাসা থেকে ডেকে নিয়ে মো. লিটন মিয়া (২৮) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় গতকাল শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আনন্দবাজার এলাকার মোসলেম উদ্দিনের ছেলে লিটন। টঙ্গীর মধুমিতা রোড এলাকায় হাফিজের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন তিনি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে এক বন্ধু লিটনকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই এলাকায় রেলপথের পাশে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় স্টেশন রোডের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য গাড়িতে উঠালে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ রোববার টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ও নিহতের স্বজনেরা আসামিদের নাম প্রকাশ করেননি। নিহত লিটন গাজীপুরের বলাকা পরিবহনের বাস চালাতেন। তাঁর বাবা ও বড় ভাইও একই পরিবহনের বাসচালক।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালাচ্ছে।