টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া বেঙ্গলের মাঠ এলাকার গত বৃহস্পতিবার বিকেলে একটি পোশাক কারখানার পেছনে আমিনুর রহমান ওরফে মমিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মমিন টঙ্গী থানা-পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। আমিনুর রংপুরের মিঠাপুকুর উপজেলার খুদ কাশিনাথপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুর রহমান আউচপাড়া এলাকায় হামিদ সরকারের মেয়ের বাড়িতে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে যান। সারা দিন তিনি কোথায় ছিলেন তাঁর পরিবারের সদস্যরা জানেন না। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত আমিনুরকে টঙ্গীর আউচপাড়া বেঙ্গলের মাঠের পাশে পার্ল প্রিন্স পোশাক কারখানার পেছনে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাঁকে চাপাতি, দাসহ বিভিন্ন ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমিনুরের চিৎকার শুনে এলাকাবাসী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার উত্তরার সিনসিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে টঙ্গী থানা-পুলিশ আমিনুরের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত আমিনুরের মা আঞ্জুয়ারা বেগম গতকাল শুক্রবার সকালে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আঞ্জুয়ারা বেগম জানান, এলাকাবাসীর কাছে তিনি জানতে পারেন স্থানীয় বাসিন্দা কাউসার (২৬), রনি (২৫), ফরহাদসহ (২৬) ১০-১৫ জন দা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রে মোমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, তাঁর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে ওই আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।