টঙ্গীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি একাধিক মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ইয়াবা বড়ি ও নগদ টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৫)। বাড়ি টঙ্গীর আরিচপুর এলাকায়। এ সময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) অপারেশন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নাজমুল হাসান সাংবাদিকদের জানান, টঙ্গীর নৌ-বন্দর এলাকায় এক ইটভাটায় বসে কয়েকজন মাদকদ্রব্য ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি করছে—এমন খবর পেয়ে গতকাল দিবাগত রাত তিনটার দিকে র্যাব-১ এর টহল দল সেখানে যায়। এ সময় তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি ছোড়ে। এতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে ইটভাটা এলাকায় পড়ে থাকেন। অন্যরা পালিয়ে যান। পরে দেলোয়ারকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধে’ র্যাব-১ এর সদস্য নায়েক নাসির উদ্দিন ও কনস্টেবল হাফিজুর রহমান আহত হন। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, একটি গুলির খোসা, দুটি গুলিসহ একটি এলজি, ১৯৬টি ইয়াবা ট্যাবলেট, তিনটি ছুরি, ১০ হাজার টাকা, ১০-১২টি স্যান্ডেল, গ্যাস লাইটার ও ইয়াবা বড়ি সেবনের রাংতা পাওয়া গেছে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, দেলোয়ারের বিরুদ্ধে টঙ্গীতে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।