টঙ্গীতে লুট হওয়া মালামালসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কামারপাড়া এলাকায় ১৬ জুন একটি ব্যক্তিগত গাড়ি থেকে লুট হওয়া মালামালসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম থানার ভান্নাঘর এলাকার মানিক হোসেন (২০) ও তুরাগ থানার কামারপাড়া পাটুনিয়া এলাকার মো. সাগর (২১)। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ১৬ জুন টঙ্গীর কামারপাড়া এলাকায় দাঁড়ানো অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। পরে তারা গাড়িটির আরোহী গাজীপুরের গরীব অ্যান্ড গরীব কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল
হকের লাইসেন্স করা গুলিভর্তি পিস্তল, ট্যাব ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ওই কর্মকর্তা টঙ্গী থানায় মামলা করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় কালীগঞ্জের উলুখোলা এলাকায় বোনের বাড়ি থেকে ২৭ জুন বিকেলে মানিককে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গ্রেপ্তার করা হয় সাগরকে। তাদের কাছ থেকে একটি মুঠোফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়। পরে উভয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের জুড়ী থানার পাচিরপুর এলাকায় তাদের সহযোগী রাসেলের নানার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় লুণ্ঠিত পিস্তলের ছয়টি গুলি, পিস্তলের খাপ ও একটি দামি হাতঘড়ি। তবে রাসেলকে গ্রেপ্তার করা যায়নি।
পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, তাঁরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, মানিক কালীগঞ্জ এলাকায় চা বিক্রি করত। আর টঙ্গীর নিশাত নগর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত সাগর। আত্মগোপনে থাকা রাসেলের প্ররোচনায় তারা ডাকাতিতে নামে বলে দুজনের দাবি।