টঙ্গীতে সহযোগীসহ আ.লীগ নেতা খুন
গাজীপুরে বাসা থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সহযোগীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে টঙ্গীর এরশাদনগর মোল্লাপাড়া এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকায় আধিপত্য বিস্তার বা মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের গাজীপুর সিটি ৪৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শরীফ হোসেন (৩৫) ও তাঁর সহযোগী জুম্মান মিয়া (৩২)। শরীফ এরশাদনগর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে এবং জুম্মান একই এলাকার হারুন খানের ছেলে।
শরীফ হোসেনের স্ত্রী রুনা আক্তারের ভাষ্য, গত শনিবার রাত ১২টার দিকে স্থানীয় শামিম হোসেন, হাসান মিয়াসহ কয়েকজন ‘মাদক ব্যবসায়ী’ শরীফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে তিনি আর বাসায় ফেরেননি। রুনা ভোরে খবর পান, শরীফ ও জুম্মানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র বলেছে, শরীফের বাড়ি এরশাদনগর এলাকার লেদু মোল্লা রোডে। কিছু দূরে ভাড়াবাড়িতে থাকেন তাঁর সহযোগী জুম্মান। শনিবার সন্ধ্যায় এলাকায় একটি সালিস করে বাড়ি ফেরেন শরীফ। সঙ্গে ছিলেন একই এলাকার শামিম হোসেন ও হাসান মিয়া। তাঁরা একটি ঘরে গল্প করছিলেন। রাত ১২টার দিকে শামিম ও হাসান জরুরি কাজের কথা বলে শরীফকে বাইরে নিয়ে যান। শরীফ যাওয়ার সময় জুম্মানকেও সঙ্গে নিয়ে যান।
পুলিশ বলছে, ওই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এরশাদনগর চানকির টেক বিলের পাশে শরীফকে এবং ১০০ গজ দূরে ওহাব মোল্লার বাড়ির গেটের সামনে জুম্মানকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে চার জোড়া স্যান্ডেল ও মাথার একটি ক্যাপ এবং পাশের এক পুকুরপাড় থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে এরশাদনগর পুনর্বাসন এলাকা থেকে মো. অপু মিয়া, সোহেল ও আরিফ হোসেন নামে তিন যুবককে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ প্রথম আলোকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিচিতরা ডেকে নিয়ে শরীফকে কুপিয়ে হত্যা করেছে। সঙ্গী জুম্মান পালানোর চেষ্টা করলে তাঁকেও একইভাবে হত্যা করা হয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শরীফ ও জুম্মান মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
গতকাল বেলা ১১টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, বিলের পাশে শত শত মানুষ লাশ দেখতে ভিড় করেছে। র্যা ব ও পুলিশ সদস্যরা এলাকা ঘিরে রেখেছেন।