টঙ্গীতে সিটি করপোরেশনের কার্যালয় ঘেরাও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ঠিকাদারেরা।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঠিকাদারেরা ওই আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাসহ অর্ধশতাধিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ-সমাবেশ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ওই কার্যালয়ের জানালার কাচ, দরজা এবং আসবাব ভাঙচুর করেন।
গাজীপুর সিটি করপোরেশনের ঠিকাদার সমিতির সভাপতি সাত্তার মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মো. রবিউল আলম, কবির হোসেন, ফজলুর রহমান, হারুন-অর-রশিদ, আনোয়ার হোসেন, মনসুর আলম মৃধা, মোজাম্মেল হক প্রমুখ।
সাত্তার মোল্লা বলেন, ২০১২-১৩ অর্থবছরে সিটি করপোরেশনের উন্নয়নকাজ করা শতাধিক ঠিকাদারের ১৪ কোটি টাকা পাওনা হয়েছে। প্রায় এক বছর আগে ওই সব কাজ শেষ হলেও এখন পর্যন্ত তাঁরা পুরো টাকা পাননি। এ ছাড়াও ওই সব কাজের দরপত্রের সময় ঠিকাদারদের জমা দেওয়া জামানতের ৮৫ লাখ টাকা ফেরত দেওয়ার সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা ব্যাংক লোন ও রড-সিমেন্টের দোকান থেকে মালামাল বাকিতে নিয়ে বিভিন্ন উন্নয়নকাজ করেছি। ওই লোন পরিশোধ করার জন্য ব্যাংক থেকে ও বকেয়া টাকা দেওয়ার জন্য দোকানদারেরা আমাদের তাগাদা দিচ্ছে। বর্তমানে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’
সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ঠিকাদারদের বিল পরিশোধ-সংক্রান্ত কোনো নথি গতকাল দুপুর পর্যন্ত তিনি পাননি।