টঙ্গীতে ১৬টি সোনার বারসহ এক যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর নিমতলী এলাকা থেকে গতকাল রোববার গভীর রাতে স্বর্ণের ১৬টি বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. রাসেল (২৪)। তাঁর বাড়ি নরসিংদীর শ্রীনগর এলাকায়।

টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক আবদুল কুদ্দুস বলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ভাড়া করা একটি প্রাইভেটকার নিয়ে রাসেল নরসিংদী যাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে টঙ্গীর নিমতলী চেক পোস্টে গাড়িটি থামিয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয় এবং চোরাই পথে আসা স্বর্ণ রাখার অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করা হয়। ওই সোনার আনুমানিক দাম ৭০ লাখ টাকা।

আবদুল কুদ্দুস আরও বলেন, পুলিশ বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা করেছে।