টঙ্গীবাড়ীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের কবির হোসেন বেপারীকে তাঁর স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্ত্রীকে আটক করেছে। গতকাল রোববার কবির হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে উপজেলার শফি আলমের ছেলে কবির হোসেন বেপারী (২৭) নারায়ণগঞ্জ সদর উপজেলার সমিনগরচর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে ইয়াসমিনকে (২০) বিয়ে করেন।
কবিরের পরিবারের অভিযোগ, এক মাস আগে মালয়েশিয়া নেওয়ার কথা বলে ইয়াসমিনের বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী তারা মিয়া কবিরের কাছ থেকে দুই লাখ টাকা নেন। পরে তারা মিয়া তাঁকে মালয়েশিয়া না নিয়ে ওই টাকা আত্মসাৎ করার চেষ্টা করলে পারিবারিক অশান্তি দেখা দেয়। এ নিয়ে শনিবার রাতে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ইয়াসমিন কবিরের গোপনাঙ্গে আঘাত করলে তিনি মারা যান।
এ ব্যাপারে কবির হোসেনের বাবা শফি আলম বাদী হয়ে পুত্রবধূ ইয়াসমিনসহ চারজনের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ করেছেন।