টঙ্গীর তুরাগতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে এক একর জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান জানান, টঙ্গী বাজারের দক্ষিণ পাশে তুরাগ নদের পাড়ে অনেক দিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিয়মিত চাঁদা ওঠাতেন। পরে উচ্চ আদালতের নির্দেশে আজ সকাল সাড়ে ১০টা থেকে অভিযান চালিয়ে তুরাগ নদের সীমানার মধ্যে থাকা অবৈধ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজান আলী, উপপরিচালক মো. শহিদুল্লাহ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শংকর কুমার বিশ্বাস, সহকারী পরিচালক মো. নূর হোসেন, টঙ্গী পৌর ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, ভূমি উপসহকারী মো. রোমান হোসেন প্রমুখ। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন গাজীপুর জেলা আনসার সদস্যরা।

টঙ্গী পৌর ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান জানান, এর আগেও গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশে একাধিকবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে ওই সব স্থাপনা গড়ে তোলেন।