টমেটো গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত বুধবার রাতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্যের টমেটো গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করেছেন ইউপি সদস্য চন্দনা খাতুন।
চন্দনা খাতুনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য চন্দনা পারধুনট নিজ গ্রামের বাড়ির পাশের ৩৬ শতক জমি ৫০ হাজার টাকায় বন্ধক নিয়ে চাষাবাদ করছেন। দেড় মাস আগে চন্দনা ওই জমিতে টমেটোর চারা রোপণ করেন। গাছগুলো বড় হয়ে টমেটো ধরতে শুরু করেছে। এ অবস্থায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে সস্পূর্ণ জমির গাছগুলো মাটি থেকে গোড়ালি উপড়ে ফেলে। এ ঘটনায় চন্দনা গত বৃহস্পতিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে ওই লিখিত অভিযোগে চন্দনা কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে লিখিত অভিযোগে বলা হয়েছে, এতে তাঁর প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে চন্দনা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে জমিতে সেচ দিয়ে সার দেওয়ার কথা ছিল। এ কারণে গত বুধবার পাঁচ হাজার টাকায় চুক্তি দিয়ে জমির আগাছা পরিষ্কার করা হয়েছে। কিন্তু ওই রাতেই পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা টমেটোর গাছগুলো মাটি থেকে টেনে উপড়ে ফেলেছে।
ধুনট থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ইউপি সদস্য চন্দনার অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে। সন্দেহভাজন দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হবে।