টাইগারপাসে রাতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টাইগারপাস এলাকার মালিপাড়ায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ ওই এলাকার রাস্তার পাশে প্রায় তিন ঘণ্টা পড়ে ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।
গতকাল রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মালিপাড়ার কালীমন্দির থেকে প্রায় ৪০০ গজ দূরে রাস্তার পাশে পড়ে আছে যুবকের মরদেহ। তাঁর মুখে, হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশে সব দোকান বন্ধ পাওয়া যায়। লাশের পাশে উৎসুক লোকজন জড়ো হয়েছেন।
স্থানীয় বাসিন্দা রেখা বেগম বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ লোকজনের আওয়াজ শুনি। পরে বের হয়ে দেখি, রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। লোকজন গণধোলাই দিয়ে মেরে ফেলেছে বলে শুনেছি।’
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সাদ্দাম। বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত সোয়া ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ১০-১২ জনের একটি দল ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে মালিপাড়ার কালীমন্দিরে যায়। কালীর মূর্তিতে পরানো স্বর্ণের গয়না লুট করে তারা। এর ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। এতে সাদ্দাম আহত হন। এ সময় এলাকাবাসীর ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে যায়। আহত হওয়ায় সাদ্দাম পালাতে গিয়ে ধরা পড়েন। পরে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়।
তবে মন্দিরের সেবায়েতদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা দুই যুবক শান্ত ও অরূপ জানান, হামলাকারীরা মন্দিরের পাশে ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামের একটি ক্লাবে আড্ডা দিত। তারা বিভিন্ন সময় পাড়ার বাসিন্দাদের হয়রানি করত। এই পাড়ায় প্রায় দুই শ পরিবার বাস করে।
ঘটনাস্থল পরিদর্শন করে নগর পুলিশ উপকমিশনার (দক্ষিণ) পরিতোষ ঘোষ জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে নাকি কোথাও হামলার জের ধরে এ ঘটনা ঘটল, সব বিষয় মাথায় রেখে খুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।