টাইগারপাসের শতবর্ষী গাছ কাটল চসিক
চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় থেকে আমবাগান এলাকার দিকে যেতে সড়কদ্বীপের মধ্যে থাকা শতবর্ষী বিশাল গাছটি (রেইনট্রি) কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গাছটি কেটে ফেলে। চসিক বলছে, গাছটি মরা ছিল। দুর্ঘটনা এড়াতে কেটে ফেলা হয়েছে।
এই গাছের মালিক বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল। রেলওয়ের কর্মকর্তাদের দাবি, গাছটি জীবিত ছিল। তাদের না জানিয়ে গাছটি কাটা হয়েছে। তবে চসিক দাবি করেছে, রেলওয়ের মালিকানার বিষয়টি তাদের জানা ছিল না।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা রমজান আলী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট মো. মিজানুর রহমানসহ সংস্থার অন্য কর্মকর্তারা গতকাল শনিবার ঘটনাস্থলে ছুটে যান। প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা রমজান আলী প্রথম আলোকে বলেন, শতবর্ষী রেইনট্রি গাছ ও জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে। কিন্তু সিটি করপোরেশন অনুমতি না নিয়ে রাতের অন্ধকারে জীবিত গাছটি কেটে ফেলে। তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন প্রায় এক লাখ টাকা দামের গাছটি নামমাত্র সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। তবে কাটা গাছের সব অংশ জব্দ করা হয়েছে।
গতকাল বিকেলে রেলওয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে কেটে ফেলা গাছের বিভিন্ন অংশ টাইগারপাস এলাকায় অবস্থিত রেলওয়ের একটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
অনুমতি না নিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নগরের অন্যান্য রাস্তাঘাটের মতো টাইগারপাস থেকে আমবাগান পর্যন্ত সড়কটির উন্নয়ন করেছিল সিটি করপোরেশন। তাহলে তা রেলওয়ের হয় কী করে?
রেজাউল করিম দাবি করেন, মৃত গাছটি সড়কের একেবারে মাঝখানে ছিল। সামনে ঝড়-তুফানের মৌসুম আসছে। তখন গাছ উপড়ে কিংবা ডালপালা ভেঙে প্রাণহানিসহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘গাছটিতে নতুন করে ডালপালা জন্মায় কি না এ জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। কিন্তু তার কোনো সম্ভাবনা দেখা যায়নি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা বলেন, টাইগারপাস এলাকার রেইনট্রি গাছগুলো ব্রিটিশ আমলে রোপণ করা। এই রেইনট্রি ১০০ থেকে ১২০ বছর পর্যন্ত বাঁচে। গাছটি যদি মরে না যায় তাহলে কাটা ঠিক হয়নি। তবে গাছটি মরে গেলে কাটা ঠিক আছে। তা না হলে ডালপালা ভেঙে জানমালের ক্ষতি হতে পারে।