টাওয়ার থেকে ব্যাটারি চুরির সময় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে গতকাল সোমবার মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা পরিষদ কমপ্লেক্সসংলগ্ন টাওয়ারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে একটি ব্যাটারি উদ্ধার এবং একটি ট্রাক জব্দ করে। এ ঘটনায় গ্রামীণফোনের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা তাপস অধিকারি নিকলী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো আলতাব হোসেন, মো. হাসান ও উজ্জ্বল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে গ্রামীণফোনের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভৈরব কার্যালয়ে ফোন করে জানানো হয়, নিকলীতে তাঁদের টাওয়ারে কোনো দুষ্কৃতকারী ঢুকেছে। বিষয়টি নিকলী থানাকে জানানো হয়। এরপর পুলিশ গিয়ে ওই তিন ব্যক্তিকে ধরে ফেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন ব্যক্তি জানায়, ১২ থেকে ১৪ জনের একেকটি চোর চক্র বিভিন্ন মুঠোফোন কোম্পানির টাওয়ার থেকে এসব ব্যাটারি চুরি করে।
নিকলী থানার ওসি এ কে এম মাহবুব আলম জানান, আটজনের একটি দল টাওয়ারে চুরি করতে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি পাঁচজন পালিয়ে যায়। তারা টঙ্গীর মিলগেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করে বলে পুলিশকে জানিয়েছে।