টাওয়ারের সরঞ্জাম চুরির চেষ্টা, পাঁচজন গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর এলাকা থেকে গতকাল শনিবার একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের টাওয়ারের সরঞ্জাম চুরির সময় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলো ভোলা সদর উপজেলার চর ইলিশ গ্রামের আবুল কালাম ওরফে পারভেজ (২১), মধুখালী গ্রামের মো. ইউনুস (২৭), গাইবান্ধা সদরের গোহাট গ্রামের জাহিদুল ইসলাম (৩৬), গোপালগঞ্জের কাশিয়ানীর শংকরপাশা গ্রামের সাব্বির আহমেদ (২৮) ও কুমিল্লার হোমনার ফতেয়াকান্দি গ্রামের সাইদুল ইসলাম (২২)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে দুটি মাইক্রোবাস নিয়ে ওই পাঁচ যুবক মানিকগঞ্জ-বাসস্ট্যান্ড সড়কের চান্দহর এলাকায় মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির টাওয়ারের সরঞ্জাম চুরি করতে যায়। এরপর টাওয়ারের ২৪টি ব্যাটারি চুরির চেষ্টা করে। এ সময় তারা টহলরত পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সাইদুল দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় দীঘি গ্রামের লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে সাইদুল প্রথম আলোকে জানান, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই চার যুবক আগে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করত। পরে তারা চাকরিচ্যুত হলে টাওয়ারের সরঞ্জাম চুরি করে তা বিক্রি করতে থাকে। এর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলা সদর এলাকায় তারা টাওয়ারের সরঞ্জাম চুরি করে বিক্রি করেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী বলেন, ওই যুবকদের কাছ থেকে চুরি করা ২৪টি ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত শাবল ও কাটারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকালই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত আজ (রোববার) রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।