টাকা আত্মসাতের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামকরা একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক সেজে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এনামুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।
দুদক সূত্র জানায়, আবাসন প্রতিষ্ঠান রেডিক্স ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মালিক সেজে আসামি এনামুল হক ২০১২ সালে মিয়া সেলিম শেখ নামের এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পরে দুই লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিজে আত্মসাৎ করেন।
দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটির অনুসন্ধানে এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আসামি এনামুল হকের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায়।