টাকা আত্মসাতের অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের জন্য গত রোববার যশোরের জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দুজন অভিভাবক সদস্য আবেদ আলী সরদার ও অরবিন্দু কুমার ঘোষ ওই আবেদন করেন।

এর আগে প্রতিষ্ঠানটির বিভিন্ন খাত থেকে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২৩ জুন অভয়নগর উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য অরবিন্দু কুমার ঘোষ। মামলায় অধ্যক্ষ ছাড়াও পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মহিউদ্দীন আহম্মেদ, শিক্ষক অসীম কুমার বিশ্বাস, শিল্পী রানি, আলী গাজি, রমজান আলী আসামি হয়েছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ওই বছরের ১৭ আগস্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। যশোর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম অভিযোগ তদন্ত করে ২০১৫ সালের ২৭ আগস্ট আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদনে আরেক শিক্ষক আবুল হাসানকেও অভিযুক্ত করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ হিতেন্দ্র নাথ বোস বলেন, ‘আমি বেতন ছাড়া প্রতিষ্ঠান থেকে একটি পয়সাও স্পর্শ করিনি। অভিযোগের কোনোটাই সত্য নয়। অডিটে সব ফয়সালা হয়ে গেছে। অডিট কমিটি সব আয়-ব্যয় অনুমোদন করে দিয়েছে। প্রভাষকের তিনটি পদে ফেয়ার সিলেকশন দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।’ পরিচালনা পর্ষদের সভায় অর্থ আত্মসাতের কথা স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।

পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল গফ্ফার বিশ্বাস বলেন, ‘অরবিন্দু কুমার ঘোষ অধ্যক্ষের কাছ থেকে ৮৬ হাজার টাকা নিয়ে খেয়েছেন। এখন টাকা না খেতে পেরে অধ্যক্ষের বিরুদ্ধে লেগেছে। তাঁর সব অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, ‘৬ নভেম্বর কমিটির সভায় অধ্যক্ষ মাত্র ছয় হাজার টাকার জন্য দায়ী হন। সবাই তাঁকে ওই টাকা মাফ করে দিয়েছেন।’