টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রেপ্তার
টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে মো. জাহাঙ্গীর (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ র্যাব-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার বারিধারা এলাকায় গ্রেপ্তার হওয়া আসামিসহ কয়েকজন নাতান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান খোলেন। তাঁরা এ ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্নজনকে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে ২৪ লাখ ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে গত ২৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলাও হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ওই মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর নিজেকে বিদেশি ব্যবসায়ী শামীম বলে পরিচয় দিতেন। সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য তিনি। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ঢাকা শহরের বিভিন্ন স্থানে সুসজ্জিত কার্যালয় নিয়ে এ প্রতারণা করে আসছিলেন।